বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত আর বিতর্ক যেন সাম্প্রতিক সময়ে পরস্পরের সমার্থক হয়ে উঠেছে। নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলন থেকে কৃতি শ্যাননের রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্ক, রামদেব-কঙ্গনা দ্বন্দ্ব বারবার উঠে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মান্ডির সংসদ সদস্য হিসেবে নতুন জার্নি শুরুর পর রাজনৈতিক বিষয়ে ‘বিতর্কিত’ মন্তব্য ঘিরে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই ভিন্ন সত্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী-সংসদ সদস্য কঙ্গনা রানাউত। বলিউডের ‘কুইন’ অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি— আমি পুতুল নই।
ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার পাশে নাও থাকতে পারে বলে জানান। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, বহু চলচ্চিত্র পরিচালকের নজরে আজও তিনি একজন কাঙ্ক্ষিত অভিনেত্রী। এযাবৎকাল তার মন্তব্য বিতর্ক তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর ব্যক্তিগত মতামত এবং দলের অবস্থানের মধ্যে অনেক সময় পার্থক্য দেখা যায়। তবে তার প্রাথমিক পরিচয় আজও ২০ বছরের অভিনয়জীবন। দুই বছরের রাজনৈতিক তার ক্যারিয়ার নয় বলেও জানান এ অভিনেত্রী।
তিনি বলেন, আমি আমার দল থেকে দূরে সরে যেতে চাই— এমনটি নয়। কিন্তু একই সঙ্গে আমি মনে করি— যখন কোনো ইস্যু নিয়ে চর্চা হয়, তখন নিজের মতামতও জোরালো কণ্ঠে পরিবেশন করতে হয়। তাই মাঝে মাঝে আমি কিছু শক্তিশালী মন্তব্য করে ফেলি।
কঙ্গনা রানাউত বলেন, আমি ইচ্ছাকৃতভাবে দলের অবস্থান থেকে সরে যেতে চাই না। কিন্তু কখনো যদি সরে যাই, তাহলে একজন ব্যক্তি হিসেবে মনে রাখতে হবে যে, আমি কোনো পুতুল নই। আজ বিজেপি আমার সঙ্গে আছে, কাল হয়তো নাও থাকতে পারে। আমি মাত্র দুই বছরের সংসদ সদস্য। অন্যদিকে ২০ বছর ধরে অভিনয়ের সঙ্গে আছি। আমার নিজস্ব পরিচয় রয়েছে।
রাজনীতির সঙ্গে থাকলেও অভিনয় তার বন্ধন আজও অটুট উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমি এখনো বহু পরিচালকের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত অভিনেত্রী। তাদের অনেকেই অপেক্ষা করছেন। আমাকে জিজ্ঞেস করেন, আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলেন কেন? জীবনে তো অনেক কিছু করার আছে।
অভিনয়ে কামব্যাক করলে ‘খান’ কিংবা ‘কুমার’- এর বিপরীতে নায়িকা হবেন না বলেও জানিয়েছেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে নায়কের সঙ্গেই কাজ করবেন তিনি। আগামী ১০ বছরের পরিকল্পনা নিয়ে এখনই কিছু নিশ্চিতভাবে বলতে চান না তিনি। তবে নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে তিনি এখনো সৃজনশীল স্বাধীনতা বজায় রেখেছেন বলেও জানান অভিনেত্রী।


